VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ

নোরার এক পোস্টেই কমল বিমানের বুকিং! আদালতে টানল সংস্থা

লেখক: ভিটিভি বিডি ডেক্স

চার্টার্ড বিমানকে ‘লেগো এয়ারপ্লেন’ ও ‘খেলনা’ বলে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে মামলা করেছে বিমান সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’।

আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে সংস্থাটি। আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডুন্স অ্যাভিয়েশনের সিএসএন সাইটেশন সিজে২ চার্টার্ড বিমানে সফর করেন নোরা। সফরের সময় বিমানের ভেতরের দৃশ্য ধারণ করে কয়েকটি ভিডিও রেকর্ড করেন তিনি। ৪ দশমিক ৬ কোটিরও বেশি অনুসারী থাকা নোরা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ভিডিও পোস্ট করে বিমানটিকে ‘ক্ষুদ্রাকৃতি’, ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে বিদ্রুপ করেন।

চলতি বছরের এপ্রিলে দায়ের করা এই মামলায় সংস্থাটির দাবি, নোরার দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে ভুল বার্তা গেছে। কোনো প্রযুক্তিগত জ্ঞান বা সত্যতা যাচাই ছাড়াই নোরার ওই মন্তব্যের পর তাদের চার্টার্ড বিমানের বুকিং একধাক্কায় ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে এবং একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

ডুন্স অ্যাভিয়েশন স্পষ্ট জানিয়েছে, নোরার সফরের জন্য বিমানটি সম্পূর্ণ উপযুক্ত ও স্ট্যান্ডার্ড মাপের ছিল। বিমানটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) কর্তৃক সম্পূর্ণ অনুমোদিত, উড্ডয়নের উপযোগী এবং আইন মেনেই পরিচালিত হচ্ছিল।

আদালতের কাছে সংস্থাটি ৩ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যম থেকে নোরা ফাতেহির পোস্ট করা বিতর্কিত ভিডিও ও সংশ্লিষ্ট সব মন্তব্য অবিলম্বে মুছে ফেলার দাবি জানিয়েছে তারা।

প্রকাশ্যে অভিনেত্রীকে এ বিষয়ে সঠিক তথ্য জানিয়ে স্পষ্টীকরণ বা বক্তব্য দেওয়ার আবেদনও করা হয়েছে।

এ বিষয়ে এখনও নোরা ফাতেহির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/entertainment/2026/09/09/newsID_1889/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৯-০৯-২০২৬, ০১:৩৫ অপরাহ্ণ