VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ

ঢাকার চারপাশে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌ-পরিবহণমন্ত্রী

লেখক: ভিটিভি বিডি ডেক্স

রাজধানীর যানজট কমানো এবং নৌপথে যাত্রী পরিবহণ বাড়াতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 

 

মন্ত্রী বলেন, ঢাকার চারপাশে গত ১০ বছর ওয়াটার বাস চলাচল করলেও এ সময়ে প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। বছরে গড়ে লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা। আগের কার্যক্রমের সমস্যা চিহ্নিত করে এবার নতুন পরিকল্পনায় ওয়াটার বাস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ এ বিষয়ে কাজ করছে।

দেশের নৌপথের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশে প্রায় ৭ হাজার ৫০০ কিলোমিটার নৌপথ রয়েছে। এর মধ্যে বর্তমানে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হয়েছে। নৌপথের নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব রুটে নৌযান চলাচল করছে, সেগুলো প্রয়োজন অনুযায়ী সংরক্ষণমূলক ড্রেজিংয়ের আওতায় রাখা হচ্ছে।

 

 

রাজধানীর চারপাশের নদীদূষণ নিয়েও সংসদে বিস্তারিত তথ্য দেন মন্ত্রী। তিনি বলেন, নদীগুলো কীভাবে দূষিত হচ্ছে, তা চিহ্নিত করে ইতোমধ্যে ৪২৪টি দূষণস্থল নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে ফেলা হচ্ছে।

ঢাকার চারপাশের পাঁচটি নদীকে দূষণমুক্ত করতে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সম্প্রতি একটি সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা ইতোমধ্যে নদীগুলো পরিদর্শনও করেছেন।

 

 

নদীদূষণ রোধে ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে জানান নৌমন্ত্রী।

তিনি বলেন, নদী দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীর সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে শিল্পকারখানার বর্জ্য যাতে নদীতে না পড়ে, সে জন্য পরিবেশ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/national/2026/09/07/newsID_1807/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ০৮-০৯-২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ