VTV BD | Bangla News | Latest News
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ

স্বর্ণ ছিনতাইয়ের মামলায় ছাত্রদল-বিএনপির দুই নেতা গ্রেপ্তার, উদ্ধার ১০০ গ্রাম

লেখক: ভিটিভি বিডি ডেক্স

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। গত দুই দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কের বলাকা ভবনের সামনে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় শনিবার মো. সুমন নামের এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

 

 

 

বিমানবন্দর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী বলেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়াপ্রবাসী। গত ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরে তিনি বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওই দিন রাত ৮টার দিকে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকার গ্রহণ করেন। এরপর ভাড়া করা একটি মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামেন।

 

 

 

এজাহারে আরও উল্লেখ করা হয়, মাইক্রোবাস থেকে নামতেই আসামিরা তাদের ঘিরে ধরেন। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের কাছে বোমা রয়েছে-এমন অভিযোগ তুলে মারধর করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আসামিরা। এ সময় আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান বলেন, আসামিদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে বিবেচ্য না, আমরা অপরাধী হিসেবেই দেখি। গ্রেপ্তার ব্যক্তিরা আর কোনো ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। মামলার বাকি দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদক: ইশতিয়াক সওকত

নির্বাহী সম্পাদক: সৌরভ আহমেদ শুভ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, নাভানা টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01719-197277 , 01700-001122
ই-মেইল : info@vtbbd.com, vtvbdlive@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.vtvbd.com/dhaka/2026/08/31/newsID_1361/

© VTV BD | Bangla News | Latest News | প্রিন্ট/ডাউনলোড: ৩১-০৮-২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ