সকল মেনু

সবশেষ

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

প্রকাশ : সেপ্টেম্বর ১৪, ২০২৬
পড়তে: মিনিট
ফন্ট সাইজ:
0Shares

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন দুদকের তলবে হাজির না হয়ে ৩০ দিনের সময় চেয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দুদকের প্রধান কার্যালয় রাজধানীর সেগুনবাগিচায় শফিউদ্দিন আহমেদের হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তিনি ৩০ দিনের সময় চেয়েছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে দুদক।

এর আগে দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে দুপুর সাড়ে ১২টায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে বলা হয়।

ওই নোটিশে বলা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে তার বক্তব্য শোনা ও তা রেকর্ড করা ‘অপরিহার্য’।

দুদক সূত্র জানায়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল অভিযোগের অনুসন্ধান করছে।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলো এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনের কাছে প্রতিবেদন দেবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। অভিযোগের সত্যতা পাওয়া না গেলে অনুসন্ধানটি বন্ধ করে দেওয়া হতে পারে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।