সকল মেনু

সবশেষ

দীর্ঘ তিন বছর পর সুখবর দিলেন চিত্রনায়িকা মৌসুমী

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

আপডেট : অক্টোবর ১৮, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

একসময় ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবে কয়েক বছর ধরে বড়পর্দায় অনিয়মিত এই অভিনেত্রী। ২০২৩ সালের মাঝামাঝি থেকে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখভাল করছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণ হলো এই নায়িকার।

তিন বছর অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন মৌসুমী। শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। এত দিন সেখানে থাকলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি ছিল না মৌসুমীর। গ্রিন কার্ড পাওয়ায় এবার সেই অপেক্ষার অবসান হলো।

যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে নেই মৌসুমী। কিছুদিন আগে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘আ বিউটিফুল লাই’।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় মৌসুমীর। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ। প্রথম সিনেমা দিয়েই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে দেশের অন্যতম শীর্ষ নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

দীর্ঘ অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন তিনি।
সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন ও মান্নার সঙ্গেও সফল জুটি গড়েছেন মৌসুমী।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। ২০০৬ সালে নির্মাণ করেন ‘মেহের নিগার’। এ ছাড়া তাঁর পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘শূন্য হৃদয়’ ও ‘ভালোবাসবোই তো’।

 

মৌসুমীর জনপ্রিয় সিনেমার তালিকায় আরও রয়েছে ‘আত্মঅহংকার’, ‘স্নেহ’, ‘প্রথম প্রেম’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘বিদ্রোহী’, ‘বধূ’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘ভাংচুর’, ‘সাজন’, ‘বিশ্ব প্রেমিক’, ‘গরিবের রানি’, ‘রাক্ষস’, ‘আদরের সন্তান’, ‘সুখের ঘরে দুঃখের আগুন’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’ ও ‘গোলাপী এখন বিলাতে’।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই নায়িকা এবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।