প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আরও সহজ, দ্রুত ও নিরাপদে দেশে আনার লক্ষ্যে আন্তর্জাতিক ডিজিটাল রেমিট্যান্স সেবাদাতা প্রতিষ্ঠান ট্যাপট্যাপ সেন্ডের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। এ চুক্তির ফলে প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
বুধবার বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিপত্র বিনিময় করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান এবং ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরান ভূঁইয়া চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চালুর মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থ আরও সহজে কৃষি ব্যাংকের মাধ্যমে দেশে পৌঁছানোর পথ তৈরি হবে। একই সঙ্গে প্রবাসীদের অর্থ স্থানান্তরে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আন্তর্জাতিক পর্যায়ে ট্যাপট্যাপ সেন্ডের কার্যক্রম বেশ বিস্তৃত। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ মিলিয়ে ৪০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের ৯০টিরও বেশি দেশে রেমিট্যান্স পাঠানোর সুবিধা রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর্থিক খাত সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক ডিজিটাল রেমিট্যান্স প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় ব্যাংকের এ ধরনের অংশীদারত্ব বৈধ পথে প্রবাসী আয় প্রবাহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি রেমিট্যান্স সেবায় প্রযুক্তিনির্ভরতা বাড়ার মাধ্যমে প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও প্রতিযোগিতামূলক হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।