সকল মেনু

সবশেষ

সুন্দরবনে দস্যুদের অস্ত্রের মজুত উদ্ধার, আটক হয়নি কেউ

ভিটিভি বিডি ডেক্স

ভিটিভি বিডি ডেক্স

আপডেট : নভেম্বর ১৭, ২০২৬
পড়তে: ২ মিনিট
ফন্ট সাইজ:
0Shares

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। অভিযান-সংক্রান্ত ব্রিফিং প্রদান করেছেন লেফটেন্যান্ট এম. এইচ. রিফাত (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস তৌহিদ।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন বলেন, সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গভীরে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১০টি একনলা বন্দুক, ২টি এয়ারগান, ২টি দেশীয় ওয়ান শুটার, ৪টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িত ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।