ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের আশঙ্কা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়া, ভোটকেন্দ্রে সেনা মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিসহ একাধিক দাবি জানিয়েছে জোটটি। নির্বাচনে অনিয়ম হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তারা।
জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগের পর নির্বাচন কমিশনের ভূমিকা তাদের হতাশ করেছে। বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার আশঙ্কা, ভোটাররা ভোট দিতে পারলেও সেসব ভোট সঠিকভাবে গণনা করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সিইসির কাছে দেওয়া পৃথক চিঠিতে ১১ দলীয় ঐক্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তদন্ত করে নির্বাচনের আগেই তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জোটটি। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সরাসরি ভিডিও সম্প্রচারের ব্যবস্থা এবং কোনো অনিয়ম ধরা পড়লে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। অন্যদিকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।