আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন তিনি। আইসিসির ইতিহাসে প্রথম জিম্বাবুইয়ান হিসেবে ডেপুটি চেয়ারম্যানের পদে বসার কীর্তি গড়লেন মুকুহলানি।
বর্তমানে আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটি এবং মনোনয়ন কমিটির সদস্য হিসেবে কাজ করছেন মুকুহলানি। পাশাপাশি মানবসম্পদ ও পারিশ্রমিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও রয়েছে তার কাঁধে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। বিশ্বকাপের আগে মুকুহলানির আইসিসির গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়াকে আফ্রিকান ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নতুন ডেপুটি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ায় আমি তাভেংওয়া মুকুহলানিকে আন্তরিক অভিনন্দন জানাই। ক্রিকেট প্রশাসনে তার অভিজ্ঞতা, বৈশ্বিক খেলা সম্পর্কে তার স্পষ্ট ধারণা এবং ক্রিকেটের উন্নয়নের প্রতি তার অঙ্গীকার আইসিসি বোর্ডের জন্য অত্যন্ত মূল্যবান হবে।
দায়িত্ব পেয়ে মুকুহলানি আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আইসিসি বোর্ডের সকল পরিচালকের এই আস্থার জন্য আমি গভীরভাবে সম্মানিত। ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।
ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন মুকুহলানি। তিনি বলেন, ‘অলিম্পিক গেমসে ফিরে আসার মধ্য দিয়ে ক্রিকেট একটি নতুন ও রোমাঞ্চকর যুগে প্রবেশ করছে। আমাদের চেয়ারম্যান এবং বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়ে ক্রিকেটের যৌথ অগ্রাধিকার নিশ্চিত করা এবং বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।