গ্যাসের সংকটের মধ্যে সেপ্টেম্বরের জন্য লিফায়েড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজিতে দাম কমেছে ১ টাকা ৩ পয়সা। এতে সবচেয়ে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ টাকায়, যা আগে ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে।
জুলাইয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আগস্টে এক লাফে ৭০ টাকা বাড়ার পর চলতি মাসে সামান্য কমলেও জুলাইয়ের তুলনায় ভোক্তাকে এখনও সিলিন্ডারপ্রতি ৫৭ টাকা বেশি গুনতে হচ্ছে। পাইপলাইনের গ্যাস সংকটে রান্নার জন্য এলপিজির ওপর মানুষের নির্ভরতা বাড়ায় এই মূল্যের ওঠানামা সরাসরি প্রভাব ফেলছে মধ্যবিত্তের বাজেটে।
বিইআরসি জানায়, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের অনুপাত (৩৫:৬৫) অনুযায়ী গড় সৌদি সিপি (কার্গো মূল্য) দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টন ৬৪৭ দশমিক ৭৫ ডলার। এর সঙ্গে জাহাজভাড়া, ব্যবসায়ীদের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৩০ পয়সা হিসাব করে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, অন্যান্য সিলিন্ডারের মধ্যে ৫.৫ কেজি ৭২৭ টাকা, ১২.৫ কেজি ১৬৫২ টাকা, ১৫ কেজি ১৯৮২ টাকা, ১৬ কেজি ২১১৩ টাকা, ১৮ কেজি ২৩৭৮ টাকা, ২০ কেজি ২৬৪২ টাকা, ২২ কেজি ২৯০৭ টাকা, ২৫ কেজি ৩৩০৩ টাকা, ৩০ কেজি ৩৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪৩৬০ টাকা, ৩৫ কেজি ৪৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৫৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে কমে দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯ পয়সা। এছাড়া রেটিকুলেটেড এলপিজি প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা করা হয়েছে। তবে সরকারি কোম্পানির ১২.৫ কেজির সিলিন্ডারের দাম আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রয়েছে।
২০২১ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারের প্রোপেন ও বিউটেনের দর (সৌদি সিপি) এবং ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে আদেশ পুনর্ব্যক্ত করে কমিশন জানিয়েছে—মজুত, বোতলজাতকরণ, পরিবেশক বা খুচরা—কোনো পর্যায়ই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।